টস জিতে প্রথমে ব্যাট করবে ব্যাঙ্গালোর, নারিনের বদলে কলকাতার প্রথম একাদশে ব্যান্টন

অনলাইন ডেস্ক ।।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। শারজার পিচ ব্যাটসম্যান সহায়ক। প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তুলে কলকাতা নাইট রাইডার্সের উপরে চাপ প্রয়োগ করাই লক্ষ্য কোহালির। কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য পরে ব্যাট করায় খুশি।

এই ম্যাচের বল গড়ানোর আগেই সুনীল নারিনকে নিয়ে অস্বস্তি ছিল কলকাতা শিবিরে। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম নায়ক তিনি। আর সেই ম্যাচেই ক্যারিবিয়ান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। সেই কারণেই আজ নারিনকে ডাগ আউটে রেখে টম ব্যান্টনকে প্রথম একাদশে রেখেছে কলকাতা শিবির। ব্যাঙ্গালোর শিবিরের প্রথম একাদশে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ।

কলকাতা ও ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলেছে। দু’ দলেরই পয়েন্ট ৮। কিন্তু নেট রান রেটে কলকাতা এগিয়ে থাকায় আইপিএলের পয়েন্ট টেবলে কেকেআর তিনে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চারে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫২ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। সেই ম্যাচে সতীর্থরা ব্যর্থ হলেও কোহালি ব্যাট হাতে জ্বলে ওঠেন। কোহালিকে শান্ত রাখাই আজ চ্যালেঞ্জ কলকাতার। অন্য দিকে, পঞ্জাবের বিরুদ্ধে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা শিবির। কলকাতা ও ব্যাঙ্গালোরের ধুন্ধুমার নিয়ে পারদ চড়েছে শারজায়।