গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, হারুন অর রশিদকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে, এ ঘটনাকে নিয়মিত কার্যক্রমের অংশ বলে দাবি করেন তিনি।

এদিকে, গৃহবধূ নির্যাতনের মূলহোতা দেলোয়ারকে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা ১১টায় আদালতে হাজির করলে বিচারক দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন মামলার ছয় নম্বর আসামি শামছুদ্দিন সুমনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় আরেক আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের জামিন আবেদন নাকচ করেছে আদালত।