সান্তাহারে যুবকের লাশ উদ্ধার

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজন হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার শহর সংলগ্ন সান্দিড়া গ্রামের মুনিখা পুকুর পাড়ের গোরস্থানের ভিতর লাশটি দেখতে পায় স্বজনরা। মৃত সুজন হোসেন ওই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুজন মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তাঁদের পরিবারে পারিবারিক কলহ হতো। সুজনের বাবা ফেরদৌস হোসেন জানান, ছেলের অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিল। মাদকের টাকার জন্য প্রায় সে বাড়িতে মা ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরন করতো এবং বাড়ির আসবাবপত্রও ভাংচুর করতো।
প্রতি দিনের মত রবিবার সন্ধ্যায় সুজন হোসেন বাড়ি থেকে বাহিরের উদ্দেশ্যে বের হয়। প্রতি দিন রাতে যে সময়টাতে বাড়িতে ফেরে সে সময়ে না ফেরায় পরিবারের লোকজন নানান জায়গায় খোজাখুজি শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে মুনিখা পুকুরের পাড়ের গোরস্থানে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায়। এরপর থানায় খবর দেওয়া হয়।
পুলিশ সোমবার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।