কুবি শিক্ষকের প্রতি অবিচারের ঘটনায় বিজেএসসি’র তীব্র নিন্দা

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
গণমাধ্যমে তথ্য দেওয়ার ‘অপরাধে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) ।
১লা জুলাই বিজেএসসি’র সভাপতি জি এম হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার নিন্দা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়কে প্রশ্রয় দান করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। এছাড়াও এ সিদ্ধান্ত শিক্ষকসমাজ ও গণমাধ্যমের জন্য অপমানজনক।
একইসাথে এই বিজ্ঞপ্তিতে ঠুনকো অজুহাত দেখিয়ে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষক কাজী আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিত করার তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে ।
গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষকদের উপর সকল ধরনের অন্যায়-অবিচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে উপরিউক্ত ঘটনার গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবীও জানিয়েছেন তারা।
