সুবর্ণচরে আগুনে পুড়লো ২১দোকান, ২কোটি টাকার ক্ষতি

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউপির থানার হাট মোস্তান নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঐ বাজারের ২১টি দোকান, নগদ টাকা ও মুল্যবান মালামাল সহ প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার (০৫ফেব্রুয়ারী)সন্ধ্যা ৬টার দিকে চর বৈশাখী গ্রামের মোস্তান নগর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারের পশ্চিম পাশের নাছির ট্রেডার্স নামক তেল,গ্যাস ও ঔষধের দোকানে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন দ্রুত আশ পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পড়শী ইলেকট্রনিকস, মাইন উদ্দিন স্টোর, ভাই ভাই সাইকেল মার্ট,স্হানীয় মেম্বারের কার্যালয়, সিরাজ টেলিকম, জসিম ক্রোকারিজ, একটি মালের গুদাম,জসিম ফার্নিচার, সাকিব কসমেটিকস এন্ড গার্মেন্টস, রাফসান বস্র বিতান,আয়েশা বস্র বিতান, মামুন টেলিকম, রবি বস্র বিতান, মাহি বস্র বিতান, সাহেদ টেইলার্স ও সোহান টেলিকম সহ ২১টি দোকান পুড়ে যায়। এ সময় দোকানে থাকা নগদ টাকা ও মুল্যবান মালামালও পুড়ে ছাঁই হয়ে যায়।
ভাই ভাই টেলিকমের মালিক আবদুল মালেক জানান, আগুনে পুড়ে নগদ টাকা ও মালামাল সহ প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহযোগিতার দাবি জানান।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের দল প্রধান (টিম লিডার) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
