চাটখিলে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার দিবাগত রাত পোনে ১ টার দিকে চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএন্ডবি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএন্ডবি রোডের সোলায়মান ফার্মেসীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়,পরে পাশের ৮ টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকান গুলো পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুড়ী ও রামগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু তার আগে আগুনে দুটি ফার্মেসী,একটি হার্ডওয়্যার,একটি সাইকেল পার্টস,একটি চা দোকানসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
চাটখিল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।