প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে লক্ষ্মীপুরে নয়নের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

বিশেষ প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার(১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন লক্ষ্মীপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।

রিপন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অভিযুক্ত নয়ন বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার)। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর রাতে নয়ন বেগম ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও ‘আমির বাংলা’ নামে একটি ফেসবুক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়। এটি বাদী আহছানুল কবির রিপন ও সাক্ষীদের নজরে পড়ে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে নয়নের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে তার মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নয়নের বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে।