ফেসবুকে তরুনী আপত্তিকর ভিডিও, যুবকের ৩ বছরের কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে এক তরুনীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে পর্নোগ্রাফি মামলায় আবিদ হাসান আকাশ (২৮) নামে এক যুবকের তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আকাশ চাঁদপুর সদর উপজেলার মধ্যম শ্রীরামদি গ্রামের মৃত মনা হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের ২২ বছরের এক নারীর সঙ্গে আকাশের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই চাঁদপুর থেকে লক্ষ্মীপুর এসে আকাশ তার সঙ্গে দেখা করতো। বিয়ের প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন আকাশ তার মোবাইল ফোনে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে। পরে বিয়ে করতে বললে আকাশ টালবাহানা করে। একই বছরের ৪ জুন ওই নারী মোবাইল ফোনের মাধ্যমে সৌদি প্রবাসী আলাউদ্দিন রিমন নামে এক ব্যাক্তিকে বিয়ে করেন।কিছুদিন পরই আকাশ তাকে দেখা করতে বলে। এতে অস্বীকৃতি জানালে আকাশ ক্ষিপ্ত হয়ে মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিওগুলো নারীর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের ইমোতে পাঠায়। বিষয়টি নারী তার অভিভাবকদের জানায়। এর পর র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে অভিযোগ করা হয়। একই বছর ২০ আগস্ট আকাশ ওই নারীর সঙ্গে লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের সামনে দেখা করতে আসে। তখন র‌্যাব তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

একই দিন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর মডেল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে আকাশের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ২ মার্চ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ আদালতে আকাশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে তিন বছরের কারাদন্ড দেন।