চাটখিলে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত-২০

চাটখিল(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মি আহত হয়েছে। 
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর, হাটপুকুরিয়া ঘাটলাবাগ, পরকোর্ট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নোয়াখালী জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল (৬০) সাহাপুর ইউনিয়নে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুল (৬০) জামাল হোসেন (৫০) যুবদল নেতা রুবেল হোসেন (২৮) বিএনপি নেতা হারুন মোল্লা (৬৫) বিএনপি নেতা সাইদুল হাসান (৩৫) ছাত্রদল নেতা সাব্বির হোসেন, ছাত্রদল নেতা একরাম সহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শাহাজান রানা অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয়। সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারে, হাটকুপুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা এলাকায় এবং পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিরা হামলা চালায়। এতে কমপক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মি আহত হয়। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে  বিএনপি শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে।
অভিযোগের জবাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা উস্কানিমূলক কার্যক্রম করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর তিনি মুঠোফোনে ম্যাসেজ দিতে বললে, তার হোয়াটস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো মন্তব্য করেননি।