দেশের জনগণ শেখ হাসিনার কথায় আর বোকা হবে না: চরমোনাই পীর

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আমরা ধোকায় পড়েছি। তখন তিনি তামাম (পুরো) দুনিয়ার ইতিহাসকে কলঙ্কিত করে দিনের ভোটকে রাতের বাক্সে ঢুকিয়েছেন।  এখন আবার একইভাবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলছেন। কিন্তু দেশের জনগণ তার ধোকায় পড়ে আর বোকা হবে না।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের জেলা কমিটির ব্যানারে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন নিয়ে আপনার পদ্ধতি প্রশ্নবিদ্ধ। এ পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হয়নি, হতে পারে না। এজন্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। যারা বৈধ এবং ন্যায্য এ অধিকার নিয়ে রাজপথে আছে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের অবৈধ প্রধানমন্ত্রী। তাকে বারবার বলছি, যদি আপনি দেশ ও জনগণকে ভালোবেসে থাকেন তাহলে সুন্দর একটি নির্বাচনের পরিবেশ করবেন। যদি নাই করে থাকেন, আপনার দমন নীতি, গুন্ডামি, ডাকাতির উচিত জবাব দেবে দেশের জনগণ। ইসলামী আন্দোলন এখন আর ছোট দল নয়। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো এখন আমরা সক্ষম।

সংগঠনের জেলা কমিটির সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নুরুল বশর আজিজি, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি আবদুর রহিম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও মাওলানা মহিউদ্দিন প্রমুখ।