আদমদীঘিতে নড়বড়ে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

হাবিব শিমুল ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ।।
আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাব নগর রেলওয়ে স্টেশনের মাঝে বড়পুল নামে পরিচিত রেল ব্রিজের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের ওপর রেল লাইনের স্লিপার আটকানোর ক্লিপ, নাট-বোল্ট নড়বড়ে হয়ে গেছে। ফলে শ্লিপারগুলো এলোমেলো ভাবে সরে ফাঁকা হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এ ব্রিজের ওপর দিয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। যে কোনে মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ওপর রেলওয়ে স্লিপার আটকানোর নাট-বোল্টের সংযোগ নেই। স্লিপারগুলো এলোমেলো ভাবে সরে বিস্তর ফাঁকা হয়ে গেছে। এর অধিকাংশের ক্লিপ, নাট-বোল্ট নেই। এলাকার লোকজন বাঁশের বাতা বা ফালি দিয়ে স্লিপারগুলো আটনোর চেষ্টা করেছেন। কিন্তু বর্ষা মৌসুমের এবং গত কয়েক দিনের বৃষ্টিতে কাঠের স্লিপার ও বাঁশের ফালিগুলো পচে গিয়ে খসে পড়েছে।
নসরতপুরের ধনতলা গ্রামের সাকলাইন হোসেন জানান, ২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের লোকজন বড়পুল নামের ওই ব্রিজের কাঠের স্লিপারে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ফলে এ ব্রিজের স্লিপারগুলো আধা পোড়া হয়ে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ পোড়া স্লিপারগুলো পাল্টায় নি। করে নি কোন সংস্কার কাজ। বিগত ৬ বছরের ব্যবধানে পোড়া স্লিপারগুলো পচে গেছে। এমন মারাত্বক ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হয়। জরুরী ভিত্তিতে নতুন স্লিপার, নাট-বোল্ট দিয়ে সংস্কার বা মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনায় যানমালের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম গণমাধ্যম কর্মীদের জানান, রেলওয়ের ব্রিজ গুলো দেখ-ভাল করেন ব্রিজ বিভাগ। সান্তাহারে এ বিভাগের কার্যালয় নেই। তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিধায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে।
