গৃহবধূকে নগ্ন ছবির ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়ে যুবক গ্রেফতার

হাবিব শিমুল, আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করা সোয়াইব হোসেন (২৫) নামের এক যুবককে শুক্রবার(৬ নভেম্বর) রাতে উপজেলার মুরইল বাজার থেকে আটক করেছে আদমদীঘি থানা পুলিশ। আটক সোয়াইব হোসেন উপজেলার কুন্দগ্রাম ইউপি’র বাগিচাপাড়া গ্রামের সাহাদত আলীর ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘির পুশিন্দা কোলাদীঘি গ্রামের বাসিন্দা এক সৌদি প্রবাসির স্ত্রীর ফেসবুক আইডি থেকে ছবি ও মোবাইল ফোন নাম্বার সংগ্রহ করে বখাটে যুবক সোয়াইব। এরপর সে নানা ভাবে গৃহবধূকে উত্তক্ত করে আসছিল। গৃহবধূ বিষয়টি তার পরিবারের সদস্যসহ প্রবাসী স্বামীকে মোবাইল ফোনে অবহিত করে। এক পর্যায়ে সোয়াইব গৃহবধূর মোবাইল ফোনে ভিডিও কল দেয় এবং সেখান থেকে কৌশলে গৃহবধূর ছবি সংগ্রহ করে। পরে সোয়াইব ওই গৃহবধূকে তার এডিট করা নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।
গৃহবধূ স্বজনদের পরামর্শে শুক্রবার টাকা দেয়ার কথা বলে সোয়াইবকে মুরইল বাজারে আসতে বলে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে। শুক্রবার সন্ধ্যা রাতে পুলিশ স্থানীয় কিছু লোকজন নিয়ে মুরইল বাজারে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে সোয়াইব অটোরিক্সা করে টাকা নেয়ার জন্য সেখানে আসে। পরিচয় নিশ্চিত করে পুলিশ জনগনের সহয়তায় তাকে হাতেনাতে আটক করে। এ সময় অটোরিক্সাসহ চালক পালিয়ে যায়। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার আদমদীঘি থানায় মামলা দায়ের করেছেন।
