ইবি সাংবাদিক সমিতির সভাপতি জীবন-সম্পাদক রানা

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইংরেজি বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবন (নিউ এজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে লোক প্রশাসন বিভাগের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ)।
শনিবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে বেলা ১১টা থেকে ১১.৪০ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বেলা সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান। এতে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সভাপতি-সম্পাদক পদে নির্বাচিত হন হুমায়ুন কবীর জীবন ও ইরফান মাহমুদ রানা।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষক ও প্রক্টর পরেশ চন্দ্র বর্মণ, সহকারী নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক এবং সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন, সদ্য বিদায়ী সভাপতি ইমরান শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুর ২টায় নব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব অর্পনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
সভাপতি-সম্পাদকসহ আগামী এক বছরের জন্য নয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বাকীরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন কবীর শুভ (বাংলাদেশ পোষ্ট), সহ-সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান (মানবকন্ঠ), দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম (যায়যায়দিন), অর্থ সম্পাদক ইমানুল ইসলাম সোহান (দেশ রুপান্তর), প্রচার সম্পাদক আহমেদ শাহেদ (নিউ নেশন) সহ কার্য নির্বাহী সম্পাদক তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।
