রামগতিতে গ্রাম পুলিশ নিয়োগে আদালতে মামলা

বিশেষ প্রতিনিধি।।

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে গ্রাম পুলিশ নিয়োগে আদালতে মামলা দায়ের করেছেন আবদুর রহমান নামে চাকরি প্রত্যাশী এক ভুক্তভোগী।

গত রবিবার (২৭ নভেম্বর,২০২২) এ মামলাটি দায়ের করা হয়।মামলার বাদী আবদুর রহমান উপজেলার ০৩নং চরপোড়াগাছা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের শরাফত আলীর বাড়ীর শারীরিক প্রতিবন্ধী মো: শরাফত আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রামগতি উপজেলার ৩নং চরপোড়াগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড সহ স্থানীয় আলেকজান্ডার ইউনিয়ন ও বড়খেরী ইউনিয়নের মহল্লাদার নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী অফিসার, রামগতি, লক্ষ্মীপুর এর কার্যালয় হইতে বিগত ১৫/১২/২০২১ ইং তারিখে স্মারক নং: ০৫.৪২.৫১৭৩.০০১.১৯.০১৫২১-৭৩২ নং স্মারকে প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক বাদী আবদুর রহমান ০৩ নং চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদ এর ০২নং ওয়ার্ডের মহল্লাদার (চৌকিদার) হিসেবে নিয়োগের আবেদন করেন। বিগত ০২/১০/২২ ইং তারিখে বাদীর আবেদন যাচাই বাচাই ক্রমে উপজেলা নির্বাহী অফিসার, রামগতি ,লক্ষ্মীপুর এর কার্যালয়ে মৌখিক পরীক্ষা শেষে বাদীকে ০৩ নং চরপোড়াগাছা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মহল্লাদার হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ০২/১০/২২ ইং তারিখে উক্ত সিদ্ধান্তের কার্যবিবরনী অনুযায়ী একটি চিঠি ইস্যু করা হয় এবং ১৯/১০/২২ ইং তারিখে বাদীর জন্য মহল্লাদার এর নতুন ড্রেস প্রদান করা হয়। বাদী বিগত ২০/১০/২২ ইং তারিখে ইউনিয়ন পরিষদে ডিউটি শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নিকট থেকে বিদায় নেওয়ার সময় চেয়ারম্যান অফিসার ইনচার্জ, রামগতি,লক্ষ্মীপুর এর দোহাই দিয়া কিছু দিন কাজে না আসার জন্য বাদীকে জানাইয়া দেয়। চেয়ারম্যান নিজ প্রভাব ও ক্ষমতার অপপ্রয়োগ করিয়া অন্যায়ভাবে অফিসার ইনচার্জ, রামগতি, লক্ষ্মীপুর কে বাধ্য করিয়া বাদীর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দাখিল করিয়াছে এবং প্রতিবেদননের উসিলা দিয়া নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নং দফার বিধান মতে বাদীর পরিবর্তে অপেক্ষমান মো: রুবেল, পিতা- আব্বাস উদ্দিন কে নিয়োগ প্রদান করেন।

আবদুর রহমান জানান, উপযুক্ত যোগ্য প্রার্থী হয়েও গ্রাম পুলিশ পদে নিয়োগ বঞ্চিত হয়েছি, এ বিষয়ে নানাভাবে প্রতিবাদ করেও কোন সমাধান না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ০৩নং চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যান সহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি এবং নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করি।

এ বিষয়ে ০৩নং চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার বলেন, গ্রাম পুলিশ নিয়ে আমার কোন অভিমত নাই। গ্রাশ পুলিশ নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন সাথে আমিও ছিলাম। স্বচ্ছভাবেই গ্রাম পুলিশ নিয়োগ হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে তা আমি জানিনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে তাঁর মুঠোফোনে কল দিয়ে জানার চেষ্টা করলে তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।