আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রামগতি সংবাদদাতা।।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে রামগতি পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফু এ মামলা করেন। তিনি হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, রোববার রাত সোয়া ১১টার দিকে শ্রমিক লীগ নেতা মাফু আলেকজান্ডার বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে বসে ছিল। এ সময় হঠাৎ বিএনপি লোকজন এসে কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এক পর্যায়ে মাফুকে এলোপাতাড়ি মারধর করে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে মাফুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী বলেন, মাফুকে একা পেয়ে বিএনপির লোকজন আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে মারধর করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত মাফু মামলা করেছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশার চাঁদা উঠানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কার্যালয়ে তাদের নিজেদের লোকজনই হামলা চালিয়েছে। এটি তাদের দলীয় কোন্দলের কারণে ঘটেছে। হয়রানি করার উদ্দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের অধিকাংশ নেতাকর্মীই ঢাকায় আছেন। আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী জড়িত নয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হামলার ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।