রায়পুরে দিনমজুরের বাড়ি ভাংচুর, শিশু আহত

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দিনমজুর জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় তার মেয়ে আঁখি আক্তারকে (৪) পিটিয়ে আহত করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে ঘটনাটি খটেছে। এ ঘটনায় প্রতিপক্ষ সফিক উল্যাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, জমি নিয়ে সাইচা গ্রামের জহিরুল ইসলামের সাথে সফিক উল্যাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়। ঘটনার সময় সফিক উল্যা সহযোগীদের নিয়ে জহিরুলের বসতবাড়িতে হামলা-ভাংচুর চালায়। এসময় ঘরের টিনের বেড়া কুপিয়ে বির্ধ্বস্ত ও আসবাবাপত্র ভাংচুর করা হয়। ঘটনার সময় তার মেয়ে আঁখিকে মারধর করা হয়। যাওয়ার সময় তারা এক ভরি স্বর্ণ, জমি বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা ও জমির দলিল নিয়ে যায় বলে অভিযোগ জহিরুলের। আহত আঁখি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ সফিক উল্যা বলেন, জহিরুলদের সাথে জমি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমরা ঘর ভাংচুরের ঘটনায় জড়িত না। কারা এ ভাংচুর করেছে তা আমাদের জানা নেই।

জানতে চাইলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ করা হয়েছে।