উচ্চ আদালতের রায় অমান্য করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পদোন্নতির আদেশ

নোয়া সংবাদ: উচ্চ আদালতের রায় অমান্য করে পরিবার পরিকল্পনার অধিদপ্তর তার নিয়ন্ত্রনাধীন কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বদলী, চলতি দায়িত্বে পদোন্নতি এবং পদায়ন আদেশ জারি করেছে। জ্যেষ্ঠতা ভঙ্গ করে অবৈধ ভাবে পদায়ন আদেশ জারি করায় মাঠ পর্যায়ের কর্মকতা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সে সাথে শৃংখলা ভেঙ্গে পড়েছে (চেইন অব কমান্ড) বলে জানা গেছে।
মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধন আইন ১৯৭৯ এবং সংবিধানের সপ্তম সংশোধন আইন ১৯৮৬ বাতিল করেছে। ওই সময়ের মধে জারিকৃত অধ্যাদেশ সমূহ কার্যকারিতা হারিয়ে ফেলেছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তার ২২/৮/২০১৬ খ্রিঃ তারিখের এক চিঠিতে জানিয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিধিটি বর্ণিত সময়ে প্রণীত। এছাড়া ২০১৩ সালের বর্ণিত আইনের আলোকেও বিধিটি সংরক্ষিত না হওয়ায় ওই বিধিটির কোনো বৈধতা নেই। এমতাবস্থায় উক্ত বিধি প্রয়োগের মাধ্যমে জনবল নিয়োগ কিংবা নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণের কোনো সুযোগ নেই। এপ্রেক্ষিতে নতুন নিয়োগ প্রণয়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তার অধীন অধিদপ্তর সমূহের ৩য় ও ৪র্থ শ্রেণির (১১ হতে ২০তম গ্রেড পর্যন্ত) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ, নিজ বেতনে/ চলতি দায়িত্বে পদোন্নতির কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশ প্রদান করে গত ২০/১০/২০১৬ খ্রিঃ তারিখে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহামান্য সুপ্রীম কোর্টর আপীল বিভাগের প্রদত্ত রায়, আইন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে অবৈধভাবে পদোন্নতির আদেশ জারি করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শেখ মোঃ শামীম ইকবাল গত ০২/১/২০১৭ খ্রিঃ তারিখে জ্যেষ্ঠতা ভঙ্গ করে কুমিল্লার একজনসহ ২৬ জন পরিবার পরিকল্পনা পরিদর্শককে (এফপিআই) তাদের নিজ বেতনে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার শূন্যপদে পদায়ন করেছেন। জারিকরা ওই পদায়ন আদেশের শর্তগুলো আরো রহস্যময়। শর্তগুলো হচ্ছে– নিয়মিত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদায়ন/নিয়োগ করা হলে এফপিআইগণকে স্বপদে ফিরে যেতে হবে। পদায়নকৃত কর্মকর্তাগণ পদোন্নতির সুপারিশ প্রাপ্ত না হলে পিআরএল গমনের আগে তাদেরকে স্বপদে ফিরে যেতে হবে। পদায়নের কারণে এফপিআইদের জ্যেষ্ঠতা ক্ষুন্ন হবে না। পদায়নের কারণে কর্মকর্তাগণের পদোন্নতির অধিকার বর্তাবে না। কর্তৃপক্ষ যে কোনো কারণে পদায়ন আদেশ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
জানা গেছে ষোলতম গ্রেডের এফপিআইদেরকে একলাফে সাত ধাপ উপরে দশম গ্রেডে পদায়ন করায় অন্যান্য কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোস্তফা সরওয়ার এর সাথে কথা বললে তিনি জানান – আমি গত ৫ তারিখ যোগদান করেছি। এফপিআইদের পদায়ন আদেশটি সুপ্রীম কোর্টের রায়ের বরখেলাপ হয়েছে কিনা, তা খতিয়ে দেখবো। যদি বরখেলাপ হয়ে থাকে, তবে অবশ্যই তা বাতিল করে দেবো। একই কথা বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলাম।
সূত্র: দৈনিক আমাদের সময়
