লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ক্ষতি

নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ এবং নৌ-পুলিশ ফাঁড়িসহ প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।এ সময় ফসলেরও ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। উপড়ে পড়েছে গাছপালা।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত মেঘনা উপকূলীয় স্থানীয় চরগাজী ও বড়খেরী ইউনিয়নে সৃষ্ট ঘূর্ণিঝড়ে এ ঘটনা ঘটে।বিকেলে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড়ে উপজেলার কয়েক শ’ একর জমির সায়াবিন, বাদাম, মরিচ ও বিভিন্ন প্রকার ডাল নষ্ট হয়ে যায়। এতে কয়েকশ কৃষক ক্ষতিগ্রস্ত হয় ভেঙ্গে যায় তাদের স্বপ্ন। এসময় রামগতি বি.বি.কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় ও রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দুটি মসজিদসহ চরলক্ষ্মী গ্রামে শতাধিক কাঁচা ঘর বাড়ী বিধ্বস্ত হয়। একই সময়ে পাশবর্তী বড়খেরী ইউনিয়নের নৌপুলিশ ফাঁড়িসহ রঘুনাথপুর গ্রাম ও বড়খেরী গ্রামেরও শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয় বলে স্থানীয়রা জানান।
ঘুর্ণিঝড়ে গাছ পালা উপড়ে পড়ে গেছে এবং একের পর এক ঘর বাড়ী তচনছ হয়ে পড়ে আছে, কেউ পূণরায় ঘর নির্মাণের কাজ করছেন, আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
রামগতি উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমান উল্ল্যা ঘূর্ণিঝড়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে রামগতি উপজলার ওপর দিয়ে ঘুর্ণিঝড় বয়ে যায়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
