চাটখিলে শিশু হত্যাকারী সৎ মার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়া সংবাদ: নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের চতুর্থ শ্রেনীর মেধাবী ছাত্র রাহীম মল্লিকের হত্যাকারী সৎ মা রাবিনা আক্তার প্রিয়া ও হত্যার পরিকল্পনাকারী প্রিয়ার মা-বাবার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চাটখিলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রবিবার(১৮ জুন ) বেলা ১১ ঘটিকায় চাটখিল বাজারের প্রধান সড়কের আলবারাকা কাউন্টারের সামনে মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে উপস্থিত সবাই একত্রিত হয়ে চাটখিল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাটখিল উপজেলা গেইট পার হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা জানায়, এ হত্যায় শুধু সৎ মা প্রিয়া জড়িত নয় তার সাথে প্রিয়ার মা ও বাবা জড়িত রয়েছে। তারা তার মা বাবাকে শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবী জানান।
উল্লেখ্য গত ১০ জুন পুলিশ রাহিমের লাশ চাটখিল পৌর সভার সুন্দরপুর গ্রামের তার সৎ মায়ের বাবার বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় তার সৎ মা প্রিয়া ও তার মাকে চাটখিল থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।পরে ১১ জুন প্রিয়া নোয়াখালী আমলি আদালতে রাহিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
