খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসা মুলক আচরণ করলেই আন্দোলন : লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
শুক্রবার বিকেলে নবগঠিত লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘জিয়া পরিবার ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামলীগ সরকার। তাকে (খালেদা জিয়া) কিভাবে গ্রেফতার করা যায় এবং মামলার রায় নিয়ে আসা যায় ওই পরিকল্পনায় তারা এখন ব্যস্ত। কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়া যাবেনা। তার বিরুদ্ধে প্রতিহিংসা মুলক ও ষড়যন্ত্র মুলক আচরণ করা হলেই দলীয় নেতা কর্মীরা আন্দোলন, সংগ্রাম ও রাজপথে অবস্থান করতে হবে।’
তিনি আরো বলেন, ৫ জানুয়ারীর মতো আর কোন নির্বাচন আগামীতে হতে দেয়া হবেনা, সেজন্য এখন থেকে দলীয় নেতা-কর্মীরা কৌশলী হয়ে সজাগ ও সর্তক থাকার আহবান জানান এ্যানি। সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করে সম্প্রতি তার নিজের বাসায় ছাত্রলীগ ও যুবলীগ নামধারীদের হামলার নিন্দা ও অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানান বিএনপি’র প্রচার সম্পাদক।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদ্দুল্লাহ আল মামুন প্রমুখ।
