লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করলো বিজিবি সদস্য

লক্ষ্মীপুর প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে নুরুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধাকে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিজিবি সদস্য মাসুদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ডিসেম্বর) সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে জুমার নামাজ শেষে বাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বিষয়টি জানান।
আহত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম করইতলা গ্রামের মৃত অলি উল্যার ছেলে এবং অভিযুক্ত বিজিবি সদস্য মাসুদ একই এলাকার হাফিজ উল্যার ছেলে। সে ছুটি নিয়ে বাড়িতে এসে এ হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম ও তার পরিবারের লোকজন বলেন, হাফিজ উল্যা গংদের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার সময় জুমার নাম শেষে মসজিদে থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিত ভাবে স্থানীয় ইউপি সদস্য গোলাম কবির বাচ্ছুর ভাই ছুটিতে আসা বিজিবি সদস্য মাসুদের নেতৃত্বে স্থানীয় আবুল কালাম, কামাল ও আরিফসহ ৫/৬ জনের একটি দল নুরুল ইসলামের উপর হামলা চালায়। এসময় তাকে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার বিচার দাবী করেন ভুক্তভোগী ও তার মেয়ে নিগার সুলতানা।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন তিনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।