সোনাইমুড়ীতে আড়াই বছরের শিশুর রহস্যজনক নিখোঁজ

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঘাসিরখিল গ্রামে নানার বাড়ী থেকে আড়াই বছরের এক শিশুর রহস্যজনক নিখোঁজের খবর পাওয়া গেছে।

শনিবার(২০ জানুয়ারী)বিকেলে নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম সামির হোসেন। তার পিতা চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের সৌদি প্রবাসী বাহার হোসেন। সামিরের ৭ মাস বয়সের সময় তার মা সালমা আক্তার মারা যায়। মায়ের মৃত্যুর পর থেকে সামির নানার বাড়ীতে থাকে। শনিবার দুপুরে খাওয়ার পর সামির নানার বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। বিকেল ৪ টার দিকে সামিরকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। শনিবার রাতে সামিরের মামা রনি বাদী হয়ে সোনাইমুড়ী থানায় জিডি করেছে। সোনাইমুড়ী থানার এসআই মোঃ হারুন অর রশিদ রাতেই ঘটনার স্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, শিশু সামির নিখোঁজের বিষয়টি রহস্য জনক। এ ব্যাপারে জোর তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদেরকে জানান।