লক্ষ্মীপুরে সহকারী প্রধান শিক্ষকের মারধরে প্রধান শিক্ষক গুরুতর আহত

রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মিতালী বাজার মডেল একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল করিম একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের মারধরে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার(১০জুলাই,১৮) দুপুরে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।

মারধরের সময় প্রধান শিক্ষকের কক্ষে সভাপতি উপস্থিত থাকলেও তিনি ছিলেন নির্বিকার। আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, পরীক্ষাসহ অন্যান্য ফি কালেকশান ও বিদ্যালয়ের শ্রেণীসমূহে ইংরেজী গ্রামার ও বাংলা ব্যাকরণ বই পাঠ্য করার দেড় লক্ষাধিক টাকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক হাওলাদার ও সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের মাধ্যমে ভাগ-বন্টন নিয়ে তর্কের সূত্রপাত ঘটে।

প্রধান শিক্ষক তাঁর অজ্ঞাতে টাকা নেওয়া ও দেওয়া নিয়ে উস্মা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। ওই সময় তিনি অতর্কিত প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রধান শিক্ষককে ফোরে ফেলে বেদম মারধর করেন বিল্লাল। পরবর্তীতে অন্যরা এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও পায়ের হাটুতে মারাত্মক জখম হন প্রধান শিক্ষক। অবস্থা খারাপ দেখে সাথে সাথেই তাকে চাঁদপুরে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা।

সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, আমি কিছুই জানিনা। তবে আমাদের বিষয় আমরা দেখবো।

প্রধান শিক্ষক রেজাউল করিম গুরুতর অসুস্থ্য থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।পরিবারের সদস্যরা মারধরের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে চিকিৎসায় ব্যস্ত থাকায় কোনো কথা বলতে চাননি।

মিতালী বাজার মডেল একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ায় কিছুই বুঝে উঠতে পারি। ঘটনাটি দু:খজনক।

প্রধান শিক্ষক সুস্থ্য হয়ে ফিরলে এ ব্যপারে করণীয় নির্ধারণ করা হবে। সমাধান না হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন, ঘটনাটি তিনি জানেন না। খোঁজ-খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।