লক্ষ্মীপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় নিখোঁজের একদিন পর শাহাদাত হোসেন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই,১৮) বেলা ১১টার দিকে উপজেলার চর ফলকন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাহাঙ্গীরের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত চর ফলকন গ্রামের সাইফুল ইসলাম আনোয়ারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শাহাদাত বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজখবর নিলেও তাঁর সন্ধান পাওয়া যায় নি। শনিবার সকালে প্রতিবেশী জাহাঙ্গীরের পুকুর শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁর মরদেহটি উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
