লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন আরাফাত (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়ক দুই ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভোলা- বরিশাল( মজু চৌধুরীর হাট) সড়কের হামিদ মিয়াজী দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় সড়কে চলাচলকৃত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এতে দূভোর্গে পড়েন পথচারীরা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ছাত্র আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে ও ওই মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসার প্রবেশের পথে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান ওই ছাত্রকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসী পিকআপভ্যানটি ভাঙচুর করে সড়কে গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করে। এসময় নিরাপদ সড়ক চাই, ছাত্র হত্যার বিচার চাই দাবীতে মুখরিত ছিল শিক্ষার্থীরা।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেন।
সদর থানার এস আই ইয়াকুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপভ্যানটি আটক করা হয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
