লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখল করে বসতঘর নির্মান

নোয়াসংবাদ ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২১নং টুমচর ইউনিয়নে জোরপূর্বক জমি দখল করে বসত ঘর নির্মানের অভিযোগ উঠেছে আবদুল আজিজের বিরুদ্ধে। আবদুল আজিজ টুমচর ইসমাইল মিঝি বাড়ির মুকবুল আহম্মেদের ছেলে।
জানা যায়, টুমচর ইউনিয়নের মুনসুর আলী মুন্সি বাড়ির সুলতান আহম্মেদের ছেলে আবদুল হকের সাথে আবদুল আজিজের দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা হয় যার রায় পায় আবদুল হক। কিন্তু শনিবার ভোরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ আবদুল আজিজ জোরপূর্বক বসতঘর নির্মান করে ঘর তোলে।
অভিযোগ করে আবদুল হকের ছেলে শরীফ বলেন, আমার বাবা প্রায় ৩০বছর আগে ৯০নং টুমচর মৌজার ৯৮৩২ খতিয়ানের ৪০শতক জমি ক্রয় করেন। কিন্তু ২০০৮ সালে আবদুল আজিজ তার জমি দাবি করলে লক্ষ্মীপুর জজ কোর্টে একটি মামলা হয় এবং মামলায় ২০১৪সালে আদালত আমাদের পক্ষে রায় দেয়। এতে করে প্রতিপক্ষ ২০১৫সালে উচ্চ আদালতে আপিল করে যা এখনো চলমান রয়েছে। এরই মধ্যে তারা গত রমজানে জমিটি দখলের চেষ্টা চালায়। থানায় অভিযোগ করলে পুলিশ প্রশাসেন হস্তক্ষেপে জমিটি তারা দখল করতে পারে নি। গত শুক্রবার রাতেও তারা দখল করতে চাইলে পুলিশের বাধায় দখল করতে পারে নি। কিন্তু শনিবার ভোরে ২০-৩০জন সহ গ্রাম পুলিশের সহযোগিতায় আবদুল আজিজ জোরপূর্বক জমি দখল করে বসতঘর নির্মান করে। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জানতে চাইলে আবদুল আজিজ বলেন, আমি ৩০বছর আগে এ জমি ক্রয় করেছি। যা ২০০৭ সালে রেজিষ্ট্রি হয়। এর পর থেকে আবদুল হকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এবিষয়ে সদর থানায় অভিযোগ করলে সমাধানের মাধ্যমে ওসি তদন্ত আমাকে ঘর তুলতে অনুমতি দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মোসলে উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত দুই পক্ষের কাউকে ঘর তোলার জন্য অনুমিত দেওয়া হয়নি। তবে ঘর তোলার ব্যাপারে জানতে চাইলে পুলিশে এ কর্মকর্তা বলেন বিষয়টি কঠোর-ভাবে দেখা হবে।
সূত্র: মুক্ত বাঙ্গালী
