আমেরিকায় এখন সবচেয়ে খারাপ এবং দুষ্ট শাসন চলছে: রুহানি

অনলাইন ডেস্ক।।

আমেরিকায় এখন সবচেয়ে খারাপ এবং দুষ্ট প্রকৃতির শাসন চলছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেন, আমেরিকা সব সময় একটি সন্ত্রাসী রাষ্ট্র ছিল। তবে বর্তমান শাসন ব্যবস্থায় এর সন্ত্রাসী কার্যক্রম নজিরবিহীন।

প্রেসিডেন্ট রুহানি বুধবার(১৩ মে)মন্ত্রীসভার বৈঠকে আমেরিকার সাম্প্রতিক কয়েক বছরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকা সবসময় স্বাধীন এবং নিপীড়িত জাতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এমনকি বিশ্বে মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছে তখন এ ভাইরাস মোকাবেলার লক্ষ্যে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী কিনতে কোনো কোনো দেশের বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে আমেরিকা।