ছেলের মৃত্যু, খবর শুনে মায়ের মৃত্যু

ফেনী সংবাদদাতা।।
বড় ছেলের মৃত্যু খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মা দিল আফরোজা বেগম (৭৫)।
রবিবার(২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাই জসিম উদ্দিন হাজারী (৫৮) মারা যান।
বড় ছেলের মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে এক ঘন্টার ব্যবধানে হৃদরোগে তার মা দিল আফরোজা বেগমও মৃত্যুবরণ করেন।
সকালে ভাই জসিম উদ্দিন হাজারী এবং এক ঘন্টার ব্যবধানে মাকে হারিয়ে শোকে বিহবল এমপি নিজাম হাজারী। ফেনীতে নেমেছে শোকের ছায়া। ফেনীর পারিবারিক করবস্থানে পাশাপাশি খোড়া হচ্ছে দুটো কবর। কথাগুলো জানালেন এমপি নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও কাউন্সিলর খোকন হাজারী ও হারুন হাজারী।
খোকন হাজারী জানান, গতকাল শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে জসিম উদ্দিন হাজারীকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি জানান, ছেলের মৃত্যুর সংবাদ শুনে নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগমও ঢাকায় মেয়ের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।পারিবারিক সুত্র জানায় বিকালে জানাজা শেষে ফেনীর পারিবারিক কবরেরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে।
নিজাম উদ্দিন হাজারীর মা ও বড় ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
