হাতিয়ায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় ডোবা থেকে মো. রহমত উল্যা ফরিদ (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের হিল্টন রোডের মাইনুদ্দিন মাঝি বাড়ির সামনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যবসায়ী সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন হুমায়ুন মিয়ার পুত্র। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। নিহত রহমত উল্যাহর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
নিহতের পিতা আবুল হোসেন জানান, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১০ টার সময় স্থানীয় হিল্টন রোড বাজারের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয় এবং তার সাথে থাকা মোবাইলটিও বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি না ফেরায় চারদিকে খোঁজাখুঁজি করা হয় কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি । বুধবার(২৭ মে) সকালে মাইন উদ্দিন মাঝির বাড়ির দক্ষিণে একটি পরিত্যক্ত ডোবায় মৃতদেহ পড়ে থাকার খবর শুনে আমরা গিয়ে ছেলের লাশ শনাক্ত করি।
এ ব্যপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন করা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
