রামগতিতে মৃত পুলিশ সদস্যের বাবাসহ দুইজনের করোনা শনাক্ত

রামগতি সংবাদদাতা।।

লক্ষ্মীপুর জেলার  রামগতিতে নতুন করে মৃত পুলিশ সদস্যের বাবা সহ দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেবিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বৃহস্পতিবার(২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র নিশ্চিত করে জানান, বুধবার রাতে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে একজন ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক পুলিশ সদস্যের বাবা (৭৫)। তিনি উপজেলার চর রমিজ ইউনিয়নের উত্তর আফজল গ্রামের সৈয়দ মৌলভীরহাট এলাকার বাসিন্দা। অপরজন করোনাভাইরাসে আক্রান্ত ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শকের ছেলে (২৯)। তিনি পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত বৃহস্প্রতিবার(২১ মে) মামুনুর রশিদ নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় মারা যান।নিহতে পুলিশ সদস্যর বাড়ী রামগতিতে হওয়ায় পরদিন রাতে রামগতি থানা পুলিশের তত্ত্বাবধানে তাকে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। এসময় তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে মৃত ওই পুলিশ সদস্যের বাবার করোনা পজিটিভ আসে।অপরদিকে গত ২২ মে(শুক্রবার) উপজেলার স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শকের করোনা শনাক্ত হলে তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার থেকে পাঠানো ফলাফলে তার ছেলের করোনা পজিটিভ আসে।

ডা. কামনাশিস মজুমদার বলেন, আক্রান্তদের শরীরে কোনও উপসর্গ নেই। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, নতুন আক্রান্ত এ দুইজন মিলে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন।