শিশুর রক্ত পরীক্ষা: যেভাবে তাকে প্রস্তুত করবেন

শেখ আল মামুন।।  

রক্ত পরীক্ষার সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য প্রায়শই ডাক্তারেরা রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন। ছোট-বড় যেকোন বয়সী মানুষেরই রক্ত পরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। বড়দের জন্য রক্ত পরীক্ষা খুবই সাধারণ ব্যাপার হলেও শিশুদের ক্ষেত্রে বিষয়টি ততটা স্বাভাবিক ও সহজ নয়।

সঠিক উপায় ও কার্যকরী কৌশলে অবলম্বন না করলে শিশুর শরীর থেকে রক্ত নেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে। এজন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনার দুয়ের অধিক বয়সী শিশুর যদি রক্ত পরীক্ষার প্রয়োজন হয়, তাহলে রক্ত পরীক্ষা কি ও কেন তার রক্ত পরীক্ষা করতে হবে; এ সম্পর্কে বিস্তারিত আপনার শিশুকে দুই-এক দিন আগেই জানাবেন।

শিশুকে ল্যাব কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাসায় রক্ত পরীক্ষার অনুশীলন করাবেন; তাহলে ল্যাবে নিয়ে যাওয়ার পরে শিশু আর ভয় পাবে না।

শিশুর মতামত ও পছন্দকে গুরুত্ব দেবেন; শিশুর মতের বাইরে জোরপূর্বক রক্ত নেওয়ার চেষ্টা করবেন না; এটা শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারেন।

শিশু যে বয়সীই হোক না কেন! শিশুর পছন্দনীয় খেলনা সঙ্গে রাখবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের হাতে তার পছন্দের খেলনা ধরিয়ে দিয়ে সহজেই রক্ত নেওয়া যায়।

শিশুর শরীর থেকে রক্ত নেওয়ার সময় তাকে বুদবুদ জাতীয় খেলা খেলতে দিতে পারেন। আবার তার পছন্দের গান শোনাতে কিংবা ভিডিও দেখাতে পারেন। শিশু যদি ভিডিও দেখা কিংবা খেলার প্রতি মনোযোগী হয়ে যায় তাহলে খুব সহজেই শিশুর শরীর থেকে রক্ত নেওয়া সম্ভব হবে।

শিশু যদি চিৎকার-চেচামেচি ও কান্নাকাটি করে তাহলে জোর করে কান্নারত অবস্থায় রক্ত নেওয়ার চেষ্টা করবেন না। শিশুকে আগে শান্ত করবেন এবং খেলাচ্ছলে রক্ত নেবেন।

শিশুকে পুরস্কৃত করার আশা দেখাবেন, যেমন: তুমি যদি শান্তভাবে বসে রক্ত দাও তাহলে তোমাকে তোমার পছন্দের অমুক খেলনাটি কিনে দেবো কিংবা অমুক খাবার খাওয়াবো; এতে দেখবেন শিশু পুরস্কারের আশায় স্বাভাবিকভাবেই রক্ত দিচ্ছে।

রক্ত নেওয়ার ভীতি আপনার শিশুর মধ্যে থেকে প্রথমেই দূর করুন এবং তার মনোযোগ অন্যকোনো দিকে ফিরিয়ে দিয়ে শরীর থেকে রক্ত নেবেন; এতে খুব সহজেই শিশুর রক্ত পরীক্ষার কাজ সমাধান করা সম্ভব হবে।