রেড জোন বিবেচনায় ফের লকডাউন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলায় মহামারী করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তারে ‘রেড জোন’ বিবেচনা করে লক্ষ্মীপুর জেলাকে ফের লকডাউন করা হচ্ছে। তাই করোনার সংক্রমন থেকে জনসাধারণের সুরক্ষায় মঙ্গলবার(১৬ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার(৩০ জুন) রাত ১২টা পর্যন্ত সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় এই লকডাউন কার্যকর থাকবে।
রবিবার(১৪ জুন) সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, রেডজোনে থাকায় সকলের সিদ্ধান্ত অনুয়ায়ী করোনার প্রকোপ থেকে জনসাধারনের সুরক্ষায় লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।
এ দিকে এর আগে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা দুটি লকডাউন ঘোষণা করা হয়। আগামী ১৫ জুন ভোর ৬টা থেকে শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। শনিবার বিকেলে উপজেলা দুটির নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মোমিন ও মোহাম্মদ মোবারক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।
জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি অঞ্জন চন্দ্র পাল জানান, অত্যাধিক ঝুঁকি বিবেচনায় লক্ষ্মীপুর জেলা লকডাউন ঘোষণার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর করা হচ্ছে। এতে সব ধরনের যানবাহন এবং দোকান ও শপিংমল বন্ধ থাকবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এই লকডাউন পূর্বের ন্যায় হবেনা। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে লকডাউনের বিষয়ে প্রচারণা চালানো হবে।
