পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার যুবক

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।

মহেশখালী কালারমারছড়া উত্তর নলবিলা বড়ুয়া পাড়ায় দেনাদারের কাছে পাওনা টাকা চাইতে যাওয়ায় পাওনাদারকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৬ জুন) বিকেল আনুমানিক পাঁচটার সময় উত্তর নলবিলার বড়ুয়া পাড়ার বাসিন্দা কালো বড়ুয়ার ছেলে রিতন বড়ুয়া (২৬) একই এলাকার অভিনাস বড়ুয়া (৪৮) এর কাছে পাওনা টাকা চাইলে রিতন বড়ুয়াকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবার। বর্তমানে আহত রিতন বড়ুয়াকে বদরখালীর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাযায়।

আহত রিতন বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, রিতন বড়ুয়া তাঁর প্রতিবেশী অভিনাস বড়ুয়া থেকে কাঁকড়া বিক্রির সাড়ে সাত হাজার টাকা পাওনা আছে। তা চাইতে গেলে রিতন বড়ুয়াকে মেরে রক্তাক্ত করা হয়।

কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন রিতন বড়ুয়া ও অভিনাস বড়ুয়া পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ আত্মীয়। তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। দুজনের মধ্যে টাকার বিষয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে রিতন বড়ুয়া অভিনাস বড়ুয়াকে মারতে তেড়ে গেলে আত্ম রক্ষার্থে অভিনাস হাতে লাটি নেন। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিনাসের লাটির আঘাতে আহত হোন রিতন বড়ুয়া।