মোংলায় ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মোংলা প্রতিনিধি।।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম (মোংলা) জোনের নেছারাবাদ কন্টিনজেন্টের অপারেশন টিমের সদস্যরা ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে।তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি কোস্টগার্ড নেছারাবাদ কন্টিনজেন্ট।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকার একটি গুদামঘরে অভিযান পরিচালনা করিয়া এই কারেন্ট জাল জব্দ করে।
কোস্টগার্ড সদর দপ্তর সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ এলাকার নদ নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে প্রায়ই মাছ শিকারের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষন ও সুরক্ষায় নিষিদ্ধ নেট জাল কারেন্ট জালের ব্যবহার রোধে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ অবৈধ ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা বলে কোস্টগার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
