কক্সবাজার পৌরসভায় লকডাউন শিথিল

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
টানা দুই দফায় ২৫ দিন পরে আজ ৩০ শে জুন থেকে কক্সবাজার পৌর এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকল ধরণের কার্যক্রম স্বাভাবিক চলবে।
এর জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার অতি ঝুঁকিপূর্ণ ও করোনাপ্রবণ এলাকায় চিহ্নিত করে সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১ টার দিকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
তিনি জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকা দু’টোই বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার সিভিল সার্জনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে। লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক।
