মহেশখালীতে পাহাড়ি জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে খুন

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি ।।
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকায় আপন ছোট ভাইয়ের আঘাতে বড়ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে ৷
মঙ্গলবার(৩০জুন) আনুমানিক রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা যায় ৷নিহত সলিম উল্লাহ পশ্চিম সিপাহির পাড়ার মৃত গোলাল আহমদের পুত্র।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ১২ নং খাস খতিয়ানের পাহাড়ি জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো ৷বিরোধের জেরে সিপাহীর পাড়া এলাকার নোয়া পুকুর নামক স্থানে আপন ভাইদের মাঝে কথা কাটাকাটি হয় ৷এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই লোহার রড দিয়ে আপন বড়ভাই সলিম উল্লাহ (৪৫) কে মাথায় বড় ধরনের আঘাত করে তার ছোট ভাই ঘাতক নছর উল্লাহ।গুরুতর আহত সলিম উল্লাহ কে তার মা ও ভাইগণ উদ্ধার করে রাত ১১টার দিকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করে।
ঘটনার পর পর মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় ।তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ৷
নিহতের মা জানান, পাহাড়ি একখন্ড জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিলো ৷ সেই বিরোধের জের ধরে আমার ছোট ছেলে নছর উল্লাহ তাকে খুন করে।
