“টপ ফান আড্ডা” ফেসবুক পেইজে আপত্তিকর ভিডিও,যুবক গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অপ্রস্তুত অবস্থায় ছাত্রী ও মায়েদের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে ফেসবুকে কুরুচিপূর্ণ শিরোনাম দিয়ে ছড়িয়ে দেয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও ল্যাপটপে মিলেছে গোপনে ধারণ করা অন্তত ৩০০টি আপত্তিকর ভিডিও।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি ডিবি (উত্তর) Asif Mohiuddin স্যার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মো. গোলাম মোক্তাদি (২৩) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া আছাদ মন্ডলের বাড়ির আবদুল মান্নান মন্ডলের ছেলে।
‘টপ ফান আড্ডা’ নামের একটি ফেসবুক পেইজে এ ধরনের ২৬টি ভিডিও আপলোড করা হয়েছে। গত কয়েক মাস আগে থেকে পর্যায়ক্রমে এসব ভিডিও আপলোড করা হলেও সম্প্রতি তা সংশ্লিষ্টদের নজরে আসে।
ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা গেছে, সবগুলোই বাওয়া স্কুলের সামনে থেকে ও আশপাশের এলাকা থেকে ধারণ করা হয়েছে। একে অপরের সঙ্গে কথা বলার সময় অপ্রস্তুত অবস্থায় নানা ভঙ্গিমায় দাঁড়ানো বা চলাফেরারত মায়েদের ভিডিও ধারণ করা হয়েছে। এসব মায়েরা তাদের সন্তানের জন্য স্কুলের বাইরে অপেক্ষারত ছিলেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি ডিবি (উত্তর) Asif Mohiuddin স্যার বলেন, গোপনে স্কুলছাত্রী ও মায়েদের আপত্তিকর ভিডিও ধারণ করে ফেসবুকে একটি পেইজে প্রকাশের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরার চেষ্টা শুরু করি। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজকে সীতাকুণ্ড থেকে ঘটনায় জড়িত গোলাম মোক্তাদিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি বলেন, গ্রেপ্তার গোলাম মোক্তাদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কয়েক মাস আগে বাওয়া স্কুলের পাশে সে একটি কাজ পেয়েছিল। সেখানে আসা-যাওয়ার সুবাদে সে গোপনে অপ্রস্তুত অবস্থায় নারীদের ভিডিও ধারণ করে, পরে কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ফেসবুকে এসব ভিডিও প্রকাশ করে। তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও ল্যাপটপে. অন্তত ৩০০টি ভিডিও পাওয়া গেছে, যেগুলো বাওয়া স্কুল, জিইসি ও নিউ মার্কেট এলাকা থেকে গোপনে ধারণ করেছে সে।
