অনিশ্চিত জীবনে বেসরকারি চাকরিজীবীরা

সম্পাদক।।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে মানুষ।চাকরির অনিশ্চয়তাই ভুকছে বেসরকারী খাতের চাকরিজীবীরা।গতিশীল বেসরকারি খাত স্থবির হয়ে পড়ায় কর্মসংস্থানের ঝুঁকি ক্রমেই বাড়ছে।শুধু সরকারি চাকরিজীবীরা ছাড়া বাকি সবাই ঝুঁকির মধ্যে আছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতের করের টাকায় যাদের বেতন চলে, তাদের চাকরি সুরক্ষিত; কিন্তু কর দিয়েও নিজেদের চাকরি নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বিশাল এই জনগোষ্ঠী।
আনুষ্ঠানিক ঘোষনা ছাড়াই অনেক বেসরকারী প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে।শুধু চাকরির অনিশ্চয়তাই নয়, আয়ও কমে গেছে বেসরকারি খাতের কর্মীদের। পেশাভেদে বিভিন্ন হারে কমেছে আয়।ইতিমধ্যে ব্যাংক ও বেসরকারি কোম্পানিতে কর্মরতদের অনেকেই চাকরি হারিয়েছেন। অনেক ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান বেতন কমিয়ে দিয়েছে কর্মীদের।অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন-ভাতাও প্রদান করতে পারছে না।
দেশের সংবাদপত্র শিল্পের অবস্থান ভালো নেই।ঝুঁকিতে পড়েছে ব্যবসায়-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় বিজ্ঞাপন নির্ভর সংবাদপত্র শিল্পও। এসব শিল্পের বিশাল কর্মিবাহিনী অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
পোশাকশিল্প খাতে লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন। পোশাক খাতের মালিকদের যুক্তি, চলতি অর্থবছরের আট মাসে পোশাক রপ্তানি কমেছে আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ। গত মে মাসের প্রথম ২০ দিনে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৫৬ শতাংশ। কোভিড-১৯-এর কারণে অনেক বড়ো বড়ো ক্রেতা দেউলিয়াও হয়ে গেছে।
উদ্যোক্তারা আশঙ্কা করছেন, সামনের দিনগুলো শুধু পোশাকশিল্পই নয়, সব শিল্প খাতের জন্য আরো চ্যালেঞ্জিং হবে।
কারখানা বন্ধ, ব্যবসা না থাকায় কর্মীদের চাকরি হারানোর শঙ্কা বেড়েছে।এ অবস্থায় বেকারত্বের দীর্ঘ সারি বিদ্যমান রেখে নতুন করে কর্মসংস্থান হারানোর বিষয়টি নীতিনির্ধারকদেরও ভাবিয়ে তুলেছে।প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরাই শুধু নন, নিম্নপদে কর্মরতরাও চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।
গবেষণা সংস্থা পিপিআরসি ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের ‘কোভিড-১৯-এর সময় জীবিকা, ক্ষতি ও সহায়তা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে শহরের মানুষের আয় ৭৫ শতাংশ এবং গ্রামের মানুষের আয় ৬২ শতাংশ কমেছে। কর্মহীন হয়ে নতুন করে দরিদ্র হয়ে পড়েছে ৩ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার মানুষ। করোনার আগে দরিদ্র ছিল ৩ কোটি ৩০ লাখ মানুষ। সব মিলিয়ে করোনার কারণে ৭ কোটি মানুষ কর্মহীন এবং দারিদ্র্যসীমায় রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, সরকারি হিসাবে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ২০ দশমিক ৫ শতাংশ। করোনার কারণে দরিদ্র মানুষের সংখ্যা আরো ২২ দশমিক ৯ শতাংশ বেড়ে হবে ৪৩ শতাংশ। করোনার কারণে অতিদরিদ্রের ৭৩ শতাংশ, মধ্যম দরিদ্রের ৭৫ শতাংশ, দারিদ্র্যসীমার বাইরে কিন্তু ঝুঁকিপূর্ণ মানুষের ৬৭ শতাংশ, দারিদ্র্যসীমার বাইরের মানুষের রোজগার ৬৫ শতাংশ কমে গেছে। পেশাওয়ারি সবচেয়ে বেশি রোজগার কমেছে রেস্তোরাঁর কর্মীদের। তাদের রোজগার কমেছে ৯৯ শতাংশ। রোজগার কমার ক্ষেত্রে এর পরের অবস্থানে আছেন ভাঙারির কর্মীরা। তাদের রোজগার কমেছে ৮৮ শতাংশ। রিকশাচালকদের আয় কমেছে ৮৪ শতাংশ। দিনমজুরের আয় কমেছে ৮৩ শতাংশ। শিল্পীসমাজের আয়ও কমেছে ৮৩ শতাংশ। মালি ও কারখানার কর্মীদের আয় কমেছে ৮০ শতাংশ।
এছাড়া দক্ষ শ্রমিকদের ৭৯ শতাংশ, কৃষিশ্রমিকদের ৭৫ শতাংশ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ৭৩ শতাংশ, দোকান, সেলুন, পার্লারের রোজগার কমেছে ৭২ শতাংশ। পোশাককর্মীদের আয় কমেছে ৪৯ শতাংশ, কৃষকের ৪৪ শতাংশ, পিয়ন ও নিরাপত্তারক্ষীদের ৪৩ শতাংশ, অফিসের আনুষ্ঠানিক কর্মীদের কমেছে ৩৩ শতাংশ এবং পরিচ্ছন্নতাকর্মীদের আয় কমেছে ২৭ শতাংশ।
অপর এক জরিপে দেখা যায়, কোভিড-১৯-এর কারণে নিম্ন আয়ের মানুষের ওপর বহুবিধ নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নেওয়া ৩৪ দশমিক ৮ শতাংশ পরিবারের কমপক্ষে এক জন সদস্য চাকরি হারিয়েছেন। মার্চ থেকে মে মাসের মধ্যে গড় পারিবারিক উপার্জন কমেছে প্রায় ৭৪ শতাংশ।
অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, করোনার কারণে আয় কমে যাওয়া মানুষের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে। তাদের জন্য বরাদ্দ বাড়াতে হবে। সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।
