চাটখিলে রাতের আঁধারে ৬৫টি গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি।।
চাটখিলে রাতের আঁধারে ৬৫টি বিভিন্ন প্রজাতির উন্নত জাতের কাঠ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শনিবার(৪ জুলাই)উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামে। এই ঘটনায় স্থানীয় সন্ত্রাসী আজিম,মিজান সৈকত, রহমত, ছুট্টি, সুমন, বোরহানের নাম উল্লেখ করে সোমবার(৬ জুলাই) সকালে চাটখিল থানায় লিখিত অভিযোগ করেছেন গাছের মালিক একরাম হোসেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার রাতে আনুমানিক ৯টার দিকে একটি সন্ত্রাসী চক্র একরাম হোসেনের জমিতে লাগানো প্রায় ৬৫টি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় একরাম হোসেন টের পেলে সন্ত্রাসীরা তাকে নানা রকম হুমকি ধমকি দিলে তিনি ঘর থেকে ভয়ে বের হতে সাহস পাননি। গাছ গুলোর বয়স প্রায় ৫ বছর এবং এর বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে দাবী করেন তিনি।
সরেজমিনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সামনেই বাদি একরাম হোসেনকে গাছ কাটার অন্যতম আসামী সুমন মেরে ফেলার হুমকি দিতে দেখা যায়।
এই ব্যপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
