খোঁজা হচ্ছে সাহেদের মদতদাতাদের : র্যাব

অনলাইন ডেস্ক।।
করোনা পরীক্ষা কেলেঙ্কারির মূলহোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মো. সাহেদ ওরফে সাহেদ করিম গতকাল বুধবার(১৫ জুলাই) ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব বলছে, সাহেদের মদতদাতাদের এখন খোঁজা হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
এক সপ্তাহ আগে উত্তরার রিজেন্ট হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর সাহেদের নানা প্রতারণার কথা সামনে আসে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলাও রয়েছে। অত্যন্ত ধুরন্ধর এই প্রতারক প্রায়ই টিভি টকশোতে উপস্থিত হয়ে দেশবাসীকে জ্ঞান দিতেন। নিজেকে আওয়ামী লীগের উপ–কমিটির সদস্য বলেও পরিচয় দিতেন।
র্যাব জানায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে ভোর সোয়া ৫টার দিকে তাকে গ্রেফতারের সময় তার কাছে গুলিসহ একটি ‘অবৈধ অস্ত্র’ পাওয়া যায়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। র্যাব সদর দপ্তরে নেওয়ার কিছুক্ষণ পরই তাকে নিয়ে উত্তরার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখানে জাল টাকার সন্ধান মেলে। বিকালে সাংবাদিকদের ব্রিফিং করে গ্রেফতার অভিযানের আদ্যোপান্ত বলেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ব্রিফিং শেষে ঢাকা মেডিক্যালে নিয়ে চেকআপের পর সাহেদকে ডিবির কাছে হস্তান্তর করে র্যাব।
ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নানা কাজ হাসিল করে নেওয়া এই সাহেদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব। র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদ করিম নিজেকে যতই ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করুক না কেন, তিনি মূলত চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু একজন মানুষ। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ দাবি করেছেন, তাকে সর্বোচ্চ ছয় মাস আটকে রাখা যাবে। তবে তিনি আক্ষেপ করে বলেছেন, এত মানুষকে এত দিন টাকা দিয়েছেন, কিন্তু বিপদে পড়ার পর কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। কাদের মদতে সাহেদ এত বড় প্রতারক হয়ে উঠেছে, তাদেরও আইনের আওতায় আনবে র্যাব।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তরা বিভাগ) উপ–কমিশনার মো. শফিকুল আলম বলেন, মঙ্গলবার সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় করা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। পঞ্চাশটির অধিক মামলা আছে সাহেদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
সাহেদকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে অনেক ভুক্তভোগী র্যাব অফিসে ভিড় করেন। তারা জানান, কীভাবে তাদের সঙ্গে প্রতারণা করেছেন সাহেদ। এসব ভুক্তভোগীকে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ‘ভুক্তভোগী যারা আমাদের কাছে আসছেন আমরা তাদের আইনানুগ পরামর্শ দিচ্ছি।’
