চীন কিংবা অন্য কোনো দেশকে ইরান এক বিঘত জমিও দেবে না: জারিফ

শেখ আল মাসুদ,ইরান।।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, চীন কিংবা অন্য কোনো দেশকে তেহরান এক বিঘত পরিমাণ জমিও দেবে না। ইরান ও চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তি হতে যাচ্ছে সে ব্যাপারে নানা গুজবের জবাবে জাওয়াদ জারিফ এ বক্তব্য দিলেন।

তিনি এ সমস্ত গুজব এবং ইরান বিরোধী রিপোর্ট প্রত্যাখ্যান করেন। বিভিন্ন মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে, এই চুক্তির অধীনে ইরান তার ভূখণ্ডের একটা অংশ চীনের কাছে হস্তান্তর করবে।

জাওয়াদ জারিফ জানান, চীনের সঙ্গে চুক্তি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে তবে সরকারের কাছ থেকে চুক্তির বিষয়ে চীনের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি পেয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে জাওয়াদ জারিফ বলেন, পারস্য উপসাগরের কিশ দ‌্বীপ বা অন্য কয়েকটি দ্বীপ এ চুক্তির আওতায় চীনের কাছে হস্তান্তর করা হবে বলে যে সমস্ত কথা বার্তা ছড়ানো হচ্ছে তা সত্য নয়।

তিনি জোর দিয়ে বলেন, “এসব গুজবের বিন্দু-বিসর্গও অংশও সত্য নয়।”

জারিফ বলেন, আমরা এক বর্গ কিলোমিটার জমিও চীন কিংবা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করিনি অথবা ইরানের এক বিঘত ভূমি থেকেও কোন দেশ বিশেষ সুবিধা নিতে পারবে না।