লক্ষ্মীপুরে দালাল বাজার-কাফিলাতলী সড়কের বেহালদশা, ভোগান্তিতে জনগন

ফয়সাল কবির ।।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালাল বাজার তেমুহনী থেকে মীরগঞ্জপর্যন্ত ১০ কিলোমিটার সড়ক। দীর্ঘদিন থেকে এই সড়কে কোন সংস্কার না হওয়ায় দালাল বাজার তেমুহনী থেকে প্রায় ৭ কিঃমিঃ পর্যন্ত সড়কের বেহালদশা হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে অসুস্থ রোগীদেরকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কের নন্দনপুর বাজার, চৌধুরী বাজার, কাজীরদীগির পাড়, কাফিলাতলী বাজার গিয়ে দেখা গেছে, সড়কের অধিকাংশ জায়গা জুড়ে ইটের ওপর থেকে পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত আর খানাখন্দ। বিভিন্ন স্থানে উঠে গেছে কনা, বালু সহ মাটি, বড়-বড় গর্তে জমে আছে কাদা পানি। এরমধ্যে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। বছর ঘুরে আবার বৃষ্টির মৌসুম চলে আসায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা। এ অবস্থায় ওই এলাকার বাসিন্দাসহ সকলের এখন একটাই প্রশ্ন, কবে সংস্কার হবে এই সড়ক? কবে এই ভোগান্তির লাঘব হবে?
দালাল বাজার সিএনজি স্ট্যান্ডের সিএনজি অটোর চালক হাসান আলী, মোরশেদ, সুহেল আহমদ, সাদ্দাম সহ বেশ কয়েকজন চালকের সাথে কথা বলে জানা গেছে, দালাল বাজার তেমুহনী থেকে কাফিলাতলী ব্রিজ পর্যন্ত এই সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যার কারণে প্রতিনিয়ত সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে যাচ্ছে। আর সাধারণ জনগণ চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন। সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানান তারা।
এ ব্যাপারে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসনে নান্নু, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ বলেন, “দীর্ঘ দিন থেকে সংস্কার না করায় সড়কটি এখন চলাচলের একেবারেই অনুপযোগী। প্রতিনিয়ত গাড়ির বিভিন্ন যন্ত্র নষ্ট হচ্ছে, ঘটছে দূর্ঘটনা। বার বার এলাকাবাসী সড়ক সংস্কারের দাবি জানালেও কোন কাজ হচ্ছে না। এতে মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে। তাই সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
লক্ষ্মীপুর সদর উপজেলা ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ্ আলম বলেন, দালাল বাজার তেমুহনী থেকে মীরগঞ্জ সড়ক এ সড়কটি জেলা পরিষদের অন্তর্ভুক্ত। গত তিন বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ থেকে এলজিইডি কতৃক এই রাস্তাটি সংস্কার করা হয়। কিন্তু বর্তমানে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ জনগন। তাই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
