আগামী সিভিএফ সম্মেলন হবে মুজিববর্ষ স্মরণে:বান কি ‍মুন

অনলাইন ডেস্ক।।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশেগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম(সিভিএফ) এর আগামী বছরের(২০২১) সম্মেলন মুজিববর্ষ স্মরণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন।

গতকাল বুধবার(২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি মুন। সিভিএফ সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন তারা।

বান কি মুন জানান, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন। যেখানে বান কি মুন ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

সাহস ও দক্ষতার সঙ্গে করোনা ভাইরাস মহামারি এবং সাইক্লোন আম্ফানের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বান কি মুন। দ্বিতীয়বারের মতো সিভিএফের সভাপতির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বান কি মুন।

বাংলাদেশে নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে সিভিএফের থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় অভিনন্দন জানান বান কি মুন। টেলিফোন করায় বান কি মুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮ দেশের বৈশ্বিক অংশীদারিত্ব হলো ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)।

Share this news as a Photo Card

30 July 2020

আগামী সিভিএফ সম্মেলন হবে মুজিববর্ষ স্মরণে:বান কি ‍মুন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে