সান্তাহারে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার সান্তাহারে নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার(৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সান্তাহার শহরের পাশের রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। এরা হল সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের পশ্চিমপাড়ার শহিদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার চাঁদনি (২৫) এবং ছেলে স্বাদ হোসেন (৬)।

নৌকার ভিতর পানি প্রবেশ করে নৌকা ডুবে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, সান্দিড়া গ্রামের শহিদ হোসেনের স্ত্রী, ছেলেমেয়ে সহ ১০/১২জন আত্মীয়-স্বজন মিলে ভাড়া করা নৌকা যোগে পাশের করজবাড়ি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

বেলা সাড়ে ১১টার দিকে নৌকাটি বিলের মাঝামাঝি যাবার পর নৌকার তলা দিয়ে অতিরিক্ত পানি প্রবেশ করে নৌকা ডুবে যায়। নৌকা থেকে ছিঁটকে পানিতে পড়ে যায় শিশু স্বাদ। ছেলেকে বাঁচাতে গিয়ে গভীর বিলের পানিতে তলিয়ে যায় মা ফাতেমা আক্তার।

এ সময় নৌকার যাত্রীরা আতঙ্কে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তাদের চিৎকার শুনে অপর একটি নৌকা জীবিত ব্যক্তিদের এবং মা-ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্ত্রী-ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছে দিনমজুর শহিদ হোসেন।