আদমদীঘিতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালন

হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি।।
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আদমদীঘি বগুড়া প্রতিষ্ঠানটিতে সামাজিক দূরত্ব অনুসরণ করে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আদমদীঘি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সেমিনার কক্ষে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় “মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আদমদীঘি বগুড়া” এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান শিরোনামে নাতিদীর্ঘ মূল্যবান বক্তব্য পেশ করেন। অপর দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা নজমুল হুদা খন্দকার বঙ্গবন্ধুর ডাকে ছাত্র অবস্থায় কীভাবে দেশ স্বাধীন করার যুদ্ধে ঝাপিয়ে পড়েন তা সবিস্তারে তরুন প্রজন্মের কাছে তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধাদ্বয়ের দেশপ্রেমের আবেগ মাখা বক্তব্যে তরুন প্রজন্মের শিক্ষক-কর্মচারীগণ আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন উম্মে হাবিবা, আহসান হাবিব, রাকিবুল হাসান, রাফিয়া খানম, রায়হান আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যান কামনা এবং করোনা থেকে গোটা বিশ্বের মুক্তি কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে শোক সভা ও আলোচনা অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়।
