গৃহবধূকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা মামলার আসামীর লাশ উদ্ধার

হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি)
বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে গৃহবধূকে হাত- পা ও মুখ বেধে মারপিট করে নিজ বাড়ীর ভিতর জীবন্ত কবর দেয়ার চেষ্টা মামলার আসামী নির্যাতিত গৃহবধূর শ্বশুড় সিরাজুল ইসলামের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বাড়ীর অদূরে খাড়ির (খালের) পাশের গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় মৃত সিরাজুল ইসলামকে দেখতে পেয়ে গ্রামের লোকজন থানায় খবর দেয়। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের নামাপাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাইম হোসেন এর সাথে নওগাঁ জেলার এনায়েতপুর গ্রামের শহিদুল কাজীর মেয়ে ফাল্গুনী খাতুনের গত প্রায় ৫/৬ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে নাঈম হোসেন তার শ্বশুড় পরিবারের কাছ থেকে যৌতুক দাবী করে আসছিল। এর ধারাবাহিকতায় ১২ আগস্ট রাতে এক লাখ টাকার যৌতুক দাবী করে তার স্ত্রীকে হাত- পা ও মুখ বেঁধে মারপিট করে শয়ন ঘরের মেঝেতে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর বাবা শহিদুল কাজী বাদী হয়ে জামাই নাঈম হোসেন, তার বাবা সিরাজুল ইসলাম ও মা রেহেনা খাতুনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ নাঈম ও তার মা রেহেনাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এদিকে, ওই মামলার অপর আসামী নির্যাতিত গৃহবধূর শ্বশুড় সিরাজুল ইসলাম পলাতক থাকা অবস্থায় শুক্রবার গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানার অফিসার ইনচার্য জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
