করোনায় লক্ষ্মীপুরের কৃতি সন্তান সাংবাদিক আব্দুস শহীদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরের কৃতি সন্তান জাতীয় পর্যায়ের সিনিয়র সাংবাদিক আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বেসরকারি টেলিভিশন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়।

রবিবার(২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকর্মীরা জানান, গত ২৫ জুলাই আব্দুস শহীদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ জুলাই তাকে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর।

আব্দুস শহীদের সাংবাদিকতার শুরু গত শতকের আশির দশকে। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছিলেন। ইসলামিক টেলিভিশনের বার্তা বিভাগেও তিনি কাজ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করা শহীদ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা ছিলেন।

আব্দুস শহীদের মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে তারা শোকাহত।

সাংবাদিক আবদুস শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী,নাগরিক কাগজের সম্পাদক ও প্রকাশক সফিকুল ইসলাম।

এদিকে সাংবাদিক আবদুস শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা। শোক জানিয়েছেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা/এটিএন নিউজের প্রতিনিধি মো. কাউছার, ইনডিপেনডেন্ট টিভি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেন, সিনিয়র সাংবাদিক এমজে আলম, রফিকুল ইসলাম, শীর্ষ সংবাদের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয়,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার, সাংবাদিক হাবিবুর রহমান সবুজ, বর্তমান লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক আক্তার আলম, বিডিবাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের বার্তা সম্পাদক মো. ইউসুফ হোসেন ও যুগ্ম-বার্তা সম্পাদক কিশোর কুমার দত্তসহপ্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।