লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণা, আটক ১

নিজস্ব সংবাদদাতা।।
লক্ষ্মীপুরের সদর উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মো.কামাল উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করে র্যাব।
রোববার(১৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঝাউডগী নামক এলাকা থেকে আটক করা হয়। আটককৃত কামাল (৩২) জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী গ্রামের দুদু পাটওয়ারী বাড়ির খায়ের আহমেদের ছেলে।প্রতারণার সাথে মোঃ সোহেল (২০), আক্তার হোসেন (৪৫) মোঃ মিলন (২২) ও মোঃ মোস্তাফিজুর রহমান (৫৫) নামে আরো ৪ জন জড়িত আছে।
বিদ্যুৎ প্রত্যাশী প্রতারিত গ্রাহকরা জানান,মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী এলাকায় ঘোষনা দেয় যে, তার ব্যাক্তিগত উদ্দ্যোগে ঝাউডগী ও নূরখাঁ এলাকায় বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে। সে জন্য লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস খরচ, পিলার আনার লেবার খরচ, যাতায়াত খরচ এবং বিভিন্ন টুকিটাকি বাবদ তাকে প্রায় ২০,০০০ (বিশ লক্ষ) টাকা খরচ করতে হয়েছে, যা মিটার প্রতি খরচ ৬,২০০ টাকা।সে নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে ওইসব এলাকার প্রায় ১৮শ পরিবার থেকে মিটার প্রতি তিন হাজার টাকা থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত আদায় করে।ওইসব পরিবার থেকে প্রায় ৬০ লক্ষ টাকা চাঁদা আদায় করে।
সংযোগ না পেয়ে ও প্রতারিত হয়ে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করলে র্যাব ১১ একটি টিম অভিযান চালিয়ে তাকে আ্টক করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র মতে, গ্রাহক প্রতি মিটার সংযোগের জন্য নিরাপত্তা জমানত ৪শ’ এবং সদস্য ফ্রি ৫০ টাকাসহ মোট সাড়ে ৪শ’ টাকা লাগে। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি দুই পয়েন্টের ওয়্যারিং করে দেয়া হয়, যার সর্বোচ্চ ব্যয় দাঁড়ায় মজুরিসহ ১২–১৫ শ’ টাকা।
র্যাব–১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় চাঁদাবাজীর অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
