বিজিবি-বিএসএফ’র বৈঠক : ঢাকায় পৌঁছেছেন ভারতীয় প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক ।।

ঢাকায় বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের ৪ দিনব্যাপী বৈঠকে যোগদানের জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল পিলখানা বিজিবি সদর দপ্তরে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ প্রধানের মধ্যে আজ বুধবার(১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া ৪ দিনব্যাপী বৈঠকে সীমান্তে হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া অস্ত্র ও মাদক পাচার বন্ধের বিষয়টিও প্রাধান্য পাবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একজন কর্মকর্তা বলেন, সীমান্ত হত্যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকে অবৈধ অস্ত্র, মাদক এবং মানব পাচার বন্ধ্যের ব্যাপারেও আলোচনা হবে। উভয় দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও উন্নয়নের জন্য বৈঠকে আলোচনা হবে।

বিজিবি’র অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বাসসকে বলেন, সীমান্তে হত্যার যে কোনও ঘটনার পরে ‘আমরা সর্বস্তরে আলোচনা শুরু করি’ এর পরে বাংলাদেশ বরাবরই সীমান্তে সহিংসতায় বেশি গুরুত্ব দেয়।

বিজিবির অপারেশন ডিরেক্টর জানান, যেখানে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থের পাশাপাশি দুই সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করবে।

৪ দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক আগামীকাল বৃহস্পতিবার বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে পিলখানা বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।

বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের ভারতের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।বাসস