নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

অনলাইন ডেস্ক ।।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেফতার আটজনকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকালে আদালতে তাদের হাজির করে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি।শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হচ্ছে- তিতাস গ্যাস নারায়ণগঞ্জের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), কর্মী মো. ইসমাইল প্রধান (৪৯), সাহায্যকারী হানিফ মিয়া (৪৮), সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী (৫৮) ও সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী (৫৬)।
শনিবার ভোরে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডি।কর্তব্যে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তার মধ্যে ৩২ জন মারা গেছেন।
মসজিদে বিস্ফোরণের পর তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পানি একটি তদন্ত কমিটি গঠন করেছিল।মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
